Saturday, May 9, 2015

সুনীল

বুকের বোতাম মুঠোয় নিয়ে
যাচ্ছি বহুদূর
পাশের বাড়ি সঙ্গে যাবি
নিশ্চিন্দিপুর ?


লোকাল ট্রেন জানলার সিট
বাউল মূর্ছনা
লক্ষ্মী মেয়ে আকাশ ভাঙা
স্বপ্ন দেখাস না

দূর্বা ঘাসে হাত রাখলাম
গল্প বলার ফাঁকে
চোখের কোনে কাজল লতা
মনে পড়ে মা কে

ট্রেন থামছে আকাশ কালো
আবছা ভাঙ্গা পুল
পাশের বাড়ি নামবি নাকি
নিরুদ্দেশে ভুল ।।

চার্লি চ্য়াপলিন

সকাল সকাল
চোখ খুললাম
আকাশ ভরা আলো
মনটা যেন
হঠাৎ করে
ভীষন রকম ভালো

অফিস যাচ্ছি
ছোট্ট শিশু
মিষ্টি করে হাসে
দুষ্টু চোখ
ভালো লাগে
খুশিতে মন ভাসে

দুপুর বেলা
মেঘ গুরগুর
বৃষ্টি ঠাণ্ডা হাওয়া
মন হারাল
তেপান্তরে
উধাও হয়ে যাওয়া

অপূর্ব  আজ
আনন্দময়
হাসিখুশী দিন
সন্ধেবেলা
জানতে পারি
তোমার জন্মদিন

ভালো থেকো
বন্ধু প্রিয়
চার্লি চ্য়াপলিন ।।

বেগম আখতার ।।


তখন কলেজ ।। কফি হাউস ।। সিগারেট ।। বামপন্থী মিছিল ।। ঠা ঠা রোদ্দুরে গনসঙ্গীত ।। বাদাম ভাজা ।। ষাঠ পয়সার গ্যালারি তে খিস্তি খেউড় ।। পাড়ার মোড়ে রাজা উজির ।। অনেক রাত্রে বাড়ি ফেরা ।। লোড শেডিং ।। মশারি ।। খোলা জানলা ।। হাল্কা হাওয়া ।। তোমার কথা ।। ঘুম আসে না ।। শরীর জুড়োয় হাল্কা হাওয়ায় ।। তোমার সুরে ভেসে যাওয়া ।। তোমার সুরে ঘুমিয়ে পড়া ।।

কফির ঘোরে দিন কাটত
সঙ্গী চারমিনার
রাত্রি শুধু তোমার জন্যে
বেগম আখতার

মিটিং মিছিল শক্তি সুনীল
শহর জেরবার
ঘুম পাড়াতে ক্লান্ত শরীর
বেগম আখতার

মনের গভীর ক্ষতের কথা
এবং হাহাকার
উজার করে তোমায় বলি
বেগম আখতার ।।


কেউ জানে না তুমি জানো
মন হারালো কার
তোমার কাছে আমার চাবি
বেগম আখতার ।।

শক্তি ।।


ধর্মতলা গুমটি ।। শিলিগুড়ি যাচ্ছি ।। মন ভালো নেই ।। বাস আসছে না ।। হঠাৎ কে যেন বলল " শক্তি নেই" ।। একটা মুহূর্ত যেন থমকে দাড়াল ।। হঠাৎ হাসি পেল ।। ভাল ঠাট্টা করতে জানে শক্তি ।। "চলে গেল" মানে কি? হাঃ ।। পারেও শক্তি !!


বাস স্ট্যাণ্ডে খবর পেলুম
তোমার যাত্রা শেষ ।
হাসি পেল । চলে গেলে
শক্তি, অন্য দেশ ?

আঙ্গুল ধরে শিখিয়েছিলে
বালক বালিকাকে
ব্যর্থ প্রেমের কুসুমঘরে
মিষ্টি দুঃখ থাকে ।।

তোমার কাছে ভালবাসার
সহজপাঠ শিখি
এলায়ে পড়া ছবির ফ্রেমে
আনন্দ ভৈরবী ।।

পবিত্রতা শিখিয়েছিলে
অশ্লীলতার ফাঁকে
কুসুম কুসুম বৃষ্টি হলে
বড্ড মনে পড়ে ।।